জিয়ার আদর্শ ভুলে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে : শিবির সভাপতি জাহিদুল

নিজস্ব প্রতিবেদক: বর্তমান বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে বগুড়ার নন্দীগ্রামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সমাবেশ করা হয়।
প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ থেকে বিভাজনের রাজনীতির কবর দিয়েছিলেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বর্তমানে চেতনা ভুলে গেছে বিএনপি।
এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ স্বপ্ন দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে পিষে মারার অপচেষ্টা চালাচ্ছে। জুলাই শহীদদের স্বপ্ন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দিবে না ছাত্রশিবির।
আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, শত শত শহীদের জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন। আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কোন সন্ত্রাসীর ঠাঁই হবে না।
এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন চাকসুর ভিপি ইবরাহীম রনি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
বগুড়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নাজিবুর রহমান মমিন, জামায়াতের বগুড়া অঞ্চল টীম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, ছাত্রশিবিরের কেন্দ্রিয় ক্যারিয়ার ডেভেলেপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ডাকসুর নির্বাহী সদস্য মিফতাহুল হোসাইন মারুফ, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুল হক সরকার প্রমূখ।


