জেনে নিন এ বছর বিশ্বের কোথায় কত ঘণ্টা রোজা
২০২৬ সালের রমজান তুলনামূলক স্বস্তির, রোজার সময় হবে ১২-১৩ ঘণ্টা

২০২৬ সালের রমজান মুসলমানদের জন্য তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্যে আগামী ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর আরব বিশ্বের অধিকাংশ দেশে প্রতিদিন রোজার সময় হবে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা, যা সাম্প্রতিক কয়েক বছরের তুলনায় মাঝারি ও সহনীয় বলে বিবেচিত হচ্ছে।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, উত্তর গোলার্ধে শীতের শেষভাগ ও বসন্তের শুরুতে রমজান শুরু হওয়ায় দিনের দৈর্ঘ্য তুলনামূলক কম থাকবে। ফলে রমজানের শুরুতে রোজার সময় কিছুটা কম হলেও মাসের শেষের দিকে ধীরে ধীরে তা বাড়বে।
উপসাগরীয় দেশগুলোর চিত্র
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানসহ উপসাগরীয় দেশগুলোতে শহরভেদে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সামান্য ভিন্ন হলেও রোজার দৈর্ঘ্য সাধারণত ১২-১৩ ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
ইউরোপ ও উত্তর আমেরিকায় সময় কিছুটা বেশি
ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু অঞ্চলে আরব বিশ্বের তুলনায় রোজার সময় কিছুটা বেশি হবে। উদাহরণ হিসেবে, নিউইয়র্ক-এ রমজানের শুরুতে রোজার সময় হবে প্রায় সাড়ে ১২ ঘণ্টা, যা মার্চের শুরুতে ১৩ ঘণ্টা বা তার সামান্য বেশি হতে পারে।
কেন দেশে দেশে রোজার সময় ভিন্ন
বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থানের কারণেই রোজার সময়ের এই পার্থক্য দেখা যায়। বিষুবরেখার কাছাকাছি দেশগুলোতে সারা বছর দিন-রাতের দৈর্ঘ্য প্রায় সমান থাকে। কিন্তু উত্তর বা দক্ষিণ দিকে যত দূরে যাওয়া যায়, ঋতুভেদে দিনের দৈর্ঘ্যের পার্থক্য তত বাড়ে।
সার্বিক মূল্যায়ন
সব মিলিয়ে, ২০২৬ সালের রমজান বিশ্বের অধিকাংশ মুসলমানের জন্য ভারসাম্যপূর্ণ ও সহনীয় হতে যাচ্ছে। মাঝারি রোজার সময় এবং তুলনামূলক অনুকূল আবহাওয়ার কারণে এবারের রমজান অনেকের জন্য আগের বছরের তুলনায় সহজতর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা
তথ্যসূত্র: যমুনা টিভি



