
পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হবে।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বেশ কয়েকটি দেশে আজ ২৯ রমজান উপলক্ষে চাঁদ পর্যবেক্ষণ করা হবে। এছাড়া বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাক-এর কিছু এলাকাতেও আজ চাঁদ দেখার চেষ্টা করা হবে।
গালফ নিউজ-এর প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের বরাত দিয়ে বলা হয়েছে, আজ বিশ্বের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। কারণ সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে, ফলে খালি চোখে তা দেখা সম্ভব হবে না।
অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসরসহ উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার হবে ২৯ রমজান। এসব দেশে চাঁদ দেখা হবে বৃহস্পতিবার সূর্যাস্তের পর।
বিশেষজ্ঞদের মতে, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা প্রায় অসম্ভব এবং মধ্যাঞ্চলে তা অত্যন্ত কঠিন হতে পারে। ফলে ঈদের তারিখ নির্ধারণে প্রচলিত চাঁদ দেখার পদ্ধতির পাশাপাশি আধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, অধিকাংশ দেশে পবিত্র ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখার চূড়ান্ত ঘোষণার ওপরই নির্ভর করবে ঈদের নির্দিষ্ট তারিখ।
সূত্র:কালবেলা



