ধর্ম
প্রধান খবর

আজ শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা, মিনার পথে লাখো হাজি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ সোমবার (২৫ মে)। এ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে আগত লাখো হাজি ইতোমধ্যে হজের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

গতকাল রোববার এশার নামাজের পর থেকেই হাজিরা তাবুর শহর হিসেবে পরিচিত মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। মিনায় যাওয়ার আগে মুসল্লিরা ইহরামের কাপড় পরিধান করেন।

শরীয়তের বিধান অনুযায়ী, হাজিরা ৮ জিলহজ মিনায় অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে ৯ জিলহজ (মঙ্গলবার) আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন তারা।

এ বছর আরাফাতের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানেই অবস্থান করবেন তারা। ইসলামি শরিয়ত অনুযায়ী, আরাফাতে অবস্থান করাই হজের মূল ফরজ।

৯ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন। সেখানে মাগরিব ও এশার নামাজ আদায় শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগে মুজদালিফা থেকে মিনায় ফিরে শুধু বড় জামরায় কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দেবেন এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করবেন।

১১ ও ১২ জিলহজ হজের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে হাজিরা ১২ জিলহজ সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করবেন।

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৬ লাখ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে এ বছর প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গেছেন।

এদিকে হজের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোতে নিয়োজিত বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেছেন।

তিনি জানিয়েছেন, হাজিদের নিরাপত্তা ও সেবায় সংশ্লিষ্ট বাহিনীগুলো পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক সংস্থার মধ্যে সমন্বয়ও অত্যন্ত ভালো রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন মুসল্লি হজ পালন করেছিলেন। এর মধ্যে সৌদি আরবের বাইরে থেকে আসা হজযাত্রীর সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। সংশ্লিষ্টদের ধারণা, এ বছর সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় এবারের হজ আরও বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button