স্মার্টফোনের জন্য নিজেই নিজেকে অপহরণঃ অতঃপর ডিবির হাতে আটক

মায়ের কাছ থেকে স্মার্টফোনের টাকা আদায় করতে নিজেই নিজেকে অপহরণের নাটক সাজায় এক কিশাের।
বুধবার বগুড়ার শাজাহানপুর থানার বনানী বাসস্ট্যান্ডের সামনে একটি বিকাশের দোকান থেকে তাকে উদ্ধার করে গােয়েন্দা পুলিশ (ডিবি)। ওই কিশােরের বাড়ি গাইবান্দা জেলার সাদুল্লাপুর থানার নিজপাড়া গ্রামে।
ডিবি পুলিশ জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাবা- মায়ের বিচ্ছেদের কারণে ওই কিশাের মায়ের সাথেই মামার বাড়িতে থেকে পড়াশুনা করে আসছিলাে। সহপাঠিদের হাতে স্মার্টফোন দেখে তার মাথায় কু-বুদ্ধি আসে। সাজিয়ে ফেলে নিজেকে অপহরণের নাটক। মঙ্গলবার সাদুল্লাপুর থেকে সে বগুড়ায় এসে সদরের বাঘোপাড়া এলাকায় একটি চায়ের দোকানে রাত্রী যাপন করে। এদিকে অনেক খোঁজাখুজির ছেলেকে না পেয়ে ওই কিশােরের মা সাদুল্লাপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি করেন।
এর কয়েকঘন্টা পর ওই কিশাের তার মায়ের কাছে ফোন করে বলে চারজন লােক মুখােশ পড়া লোক আমাকে অপহরণ করে আটকে রেখেছে মা। তারা খুব মারধর করছে। ২০ হাজার টাকা না দিলে আমাকে মেরে ফেলবে। এভাবে চলে যায় আরাে কিছুক্ষণ। ওই কিশাের আবার তার মায়ের কাছে ফোন করে জানায় ৫০ হাজার টাকা না দিলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে এবং টাকা তার ব্যবহৃত ফোনের নগদ অ্যাকাউন্টে পাঠাতে হবে। এরপর ফোন কেটে দেয় সে।
ডিবি পুলিশ জানায়, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ওই কিশােরের অবস্থান শনাক্ত করে তাদের একটি টিম বেরিয়ে পড়ে তাকে উদ্ধার করতে। এদিকে অপহৃত কিশােরের ফোন থেকে তার মায়ের ফোনে বার বার মেসেজ যেতে থাকে। ৩০ মিনিটের মধ্যে টাকা পাঠাতে হবে, আর মাত্র ১৭ মিনিট বাকি। মেসেজ দিয়েই ফোন বন্ধ করে দেওয়া হয়। এতে বিভ্রান্তিতে পড়ে ডিবি পুলিশের টিম। তখন বগুড়া ডিবি পুলিশের ওই টিম ভিন্ন কৌশলে বনানী বাসস্ট্যান্ডের সামনে একটি বিকাশের দোকান থেকে অপহরণের নাটক সাজানাে কিশােরকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশাের আরাে জানায়, স্মার্টফোন কেনার টাকার জন্যই সে নিজেকে মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে মায়ের কাছ থেকে টাকা আদায় করতে চেয়েছিলাে। ডিবির ওসি আব্দুর রাজ্জাক জানান, ওই কিশােরকে উদ্ধার করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



