প্রধান খবরশাজাহানপুর উপজেলা

বস্তা বোঝাই আলু ট্রাক থামিয়ে চাঁদাবাজি! শাজাহানপুরে ২ চাঁদাবাজ গ্রেফতার

বগুড়া শাজাহানপুর থানায় ৯৯৯ ফোন পেয়ে দুই চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার সংবাদে পালিয়ে যায় অপর তিন আসামী।

গ্রেফতারকৃতরা হলেন শাজাহানপুর থানার ভাদাইকান্দি গ্রামের ইয়াসিন আলীর ছেলে মঞ্জুরুল হক মুঞ্জু (২৬) এবং পান্ডারপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুর রহিম (৫০)।

৮ মার্চ রাত ১১টার দিকে শাজাহানপুর থানার আতাইল বাজারে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জনা গেছে, জয়পুরহাট জেলা হতে ৮ মার্চ আলু বোঝাই করে ট্রাক নিয়ে রনি খান (৩০) ড্রাইভার ও হেলপারসহ রওনা হয়ে বগুড়া জেলার শাজাহানপুর অনুমান সাড়ে সাতটায় পৌঁছালে ৫ জন ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে এবং ট্রাকে থাকা ব্যক্তিদের নামিয়ে একটি দোকানের ভিতর নিয়ে গিয়ে আলুর খাজনার রশিদ দেখতে চায়। ট্রাকে থাকা ব্যক্তিরা আলুর খাজনার রশিদ দেখালে উক্ত চাঁদাবাজেরা ৮৭৫০ টাকা চাঁদা চায়।

পরে বাদী কৌশলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল দিলে শাজাহানপুর থানা পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং সেখানে থাকা উল্লেখিত আসামীদ্বয়কে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা চাঁদা দাবীর কথা স্বীকার করে। তারা দীর্ঘদিন যাবৎ এভাবে রাস্তায় চলা ট্রাক থামিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদা তুলছিল।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে আজ তাদেরকে চাঁদাবাজির মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button