ঢাকা প্রথম বিভাগ লিগে বগুড়ার রেদওয়ানের দুর্দান্ত সেঞ্চুরি

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬ এ ব্যাট হাতে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন বগুড়ার তরুণ ক্রিকেটার রেদওয়ান। শেখ জামাল ক্রিকেটার্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ম্যাচে আলাদা করে নজর কাড়েন।
রোববার (২১ ডিসেম্বর) ঢাকার আমিন বাজারে সিলিকন সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে শেখ জামাল ক্রিকেটার্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রাইম দোলেশ্বরের হয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন রেদওয়ান। দলের শুরুতে উইকেট পড়লেও একপ্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি।
১১৯ বল মোকাবিলা করে রেদওয়ান করেন ১২২ রান। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১০২.৫২। ধৈর্য ও আগ্রাসী ব্যাটিংয়ের চমৎকার মিশেলে গড়া এই ইনিংস শেষ হয় রাশেদ আহমেদের বলে মাহাথির মোহাম্মদের হাতে ক্যাচ হয়ে।

রেদওয়ানের সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে প্রাইম দোলেশ্বর। উল্লেখ্য, রেদওয়ান বগুড়া জেলা দলের নিয়মিত ক্রিকেটার। পাশাপাশি বগুড়া স্থানীয় ক্রিকেট লিগে ব্রাইট স্টার ক্রিকেট ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন তিনি। সম্প্রতি বগুড়ায় অনুষ্ঠিত ডিএসএ কাপেও তার আক্রমণাত্মক ব্যাটিং সবার দৃষ্টি কেড়েছে।



