অবশেষে অনশন ভাঙলেন শাবিপ্রবি’র শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায়ে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের দেওয়া আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনশন ভাঙতে রাজি হয়েছেন। আজ বুধবার (২৬ জানুয়ারি) সকালে তারা এ কর্মসূচি থেকে সড়ে আসার ঘোষণা দেন। ভোর রাত চারটার দিকে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এ সময় মেডিক্যালে থাকা ২০ অনশনকারীসহ এসে ২৮ জন শিক্ষার্থীকে একসঙ্গে ক্যাম্পাসে অনশন ভাঙানো হবে বলে ঘোষণা দেওয়া হয়।
এর আগে ভোরে ক্যাম্পাসে এসে ড. জাফর ইকবাল বলেন, আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি তোমাদের অনশন ভাঙায়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও। তবে আন্দোলন আর অনশন ভিন্ন জিনিস। তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও।
ড. ইয়াছমিন হক বলেন, আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এ আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।


